অনলাইন জুয়া: এমএফএসগুলোকে আইনের আওতায় আনা জরুরী: সিআইডি প্রধান

৩০ জুন, ২০২৪ ১৯:৫৫  

বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে বলে তথ্য প্রকাশের পর এ বিষয়ে সুস্পষ্ট আইনের তাগিদ দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া। মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এমএফএস ও মোবাইল ফোন অপারেটরগুলোকেও এই আইনের আওতায় রাখার তাগিদ দিয়েছেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের একটি অনলাইন জুয়ার বিজ্ঞাপন বিষয়ে তিনি বলেছেন, কোনো ব্যক্তির দিকে না গিয়ে আইনের মধ্যে থাকতে।

রোববার (৩০ জুন) দুপুরে সিআইডি কার্যালয়ে ‘অনলাইন জুয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ’ বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইন নিয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সিআইডি প্রধান বলেছেন, অনলাইন জুয়ার কারণে দেশের বাইরে অর্থপাচারের আশঙ্কা বেড়ে যায়। এখন এ বিষয়ে সুস্পষ্ট আইন না হলে অর্থ পাচারসহ নানা ধরনের অনলাইনভিত্তিক অপরাধ বাড়বে। আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে আমরা অনুরোধ জানিয়েছি।

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরগুলোকে আইনের আওতায় আনা জরুরি। তাছাড়া ই-মানিতে টাকার সোর্স কখনো দেখা হয় না। এ বিষয়ে বেশ কিছু মামলা হয়েছে। এখন অনলাইনে অর্থ পাচারসহ এসব অপরাধ দমনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা লাগবে জানিয়ে তিনি বলেন, “না হলে পুলিশের একার পক্ষে এসব অপরাধ বন্ধ করা কঠিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সাড়ে ছয় হাজারের উপরে অনলাইন জুয়া টিম আছে। যারা বিভিন্ন উপায়ে অপরাধ করে যাচ্ছে। ছয় হাজারের বেশি ক্রিপ্টো কারেন্সি আছে বাংলাদেশে। “

দেশে সাড়ে ৬ হাজারের বেশি অনলাইন জুয়ার দল আছে বলে ধারণা করেন মোহাম্মদ আলী মিয়া। তাই গ্যাম্বলিং বা অনলাইন জুয়া নিয়ন্ত্রণে গবেষণার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশে অনলাইন জুয়া বা গ্যাম্বলিং নিয়ন্ত্রণে অন্যতম চ্যালেঞ্জ তথ্যের ঘাটতি এবং কোনো গবেষণা ও সুনির্দিষ্ট আইন না থাকা। মানি লন্ডারিং, ই-মানি ট্রানজেকশন, এমএফএস এর অবৈধ ব্যবহার, হুন্ডির কারণে বৈধ রেমিটেন্সে প্রতিবন্ধকতা- এই ধরনের অপরাধের গতিপ্রকৃতি জানা এবং নিয়ন্ত্রণের জন্য গবেষণার বিকল্প নেই ।

এমন তাগিদ থেকেই সিআইডি এ বিষয়ে একটি গবেষণা করেছে এবং সেই গবেষণার আলোকে ‘চ্যালেঞ্জেস অব কন্ট্রোলিং ইল্যিগ্যাল মানি ট্রান্সফার থ্রু মোবাইল অ্যাপস: অ্যা স্টাডি অন অনলাইন গ্যাম্বলিং’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) তানভীর হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান।